নির্বাচন ভবনে কর্মস্থলে যোগ দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। এ সময় কর্মকর্তারা প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনকে বরণ করে নেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ১০টার দিকে ইসি সচিবালয়ে গেলে সচিবসহ সব কর্মকর্তা নির্বাচন ভবনের নিচে নবনিয়োগপ্রাপ্ত পুরো কমিশনকে ফুল দিয়ে বরণ করে নেন। নির্বাচন ভবনে প্রবেশনের পর নির্বাচন কমিশনাররা প্রথমে সকল কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপরর নিজ নিজ দফতরে প্রবেশ করেন।
এর মাধ্যমে ১৩ দিন পর আবারও ইসিতে কর্মচঞ্চলতা ফিরে এলো।
আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রথম বৈঠকের মাধ্যমে নিজেদের কাজ শুরু করছে নতুন নির্বাচন কমিশন। আগামী পাঁচ বছর এই কমিশন দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচন পরিচালনা করবে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পাঁচজনকে শপথবাক্য পাঠ করান।
এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।